প্রকাশিত: Wed, Feb 22, 2023 11:28 AM
আপডেট: Sun, Sep 20, 2026 5:33 AM

তুরস্ক থেকে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল

সালেহ্ বিপ্লব: তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রেরিত ৬১ সদস্যের উদ্ধারকারী দল মঙ্গলবার সন্ধ্যায় দেশে প্রত্যাবর্তন করেছে। প্রাথমিকভাবে বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্ক থেকে ১৫ ফেব্রুয়ারি ফেরার পরিকল্পনা থাকলেও তুরস্ক সরকার অভিযান দীর্ঘায়িত করার অনুরোধ জানায়। এ প্রেক্ষিতে সরকারের নির্দেশে বাংলাদেশের উদ্ধারকারী দল আরো ৫ দিন অবস্থান করে। আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলটি তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে। দলটি উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবিত মানুষ উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে সশস্ত্র বাহিনীর মেডিক্যাল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধও প্রদান করে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। উদ্ধারকারী দল ও মেডিক্যাল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের পক্ষ থেকে গত ৮ ফেব্রুয়ারি ৬১ সদস্যের (সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ০১ জন মিডিয়া সদস্য সমন্বিত) একটি সম্মিলিত সাহায্যকারী দল প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে তুরস্কে গমন করে। সম্পাদনা: এল আর বাদল